১৬ নভেম্বর ২০১৯
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক ও আজকের সিলেট’র প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার বলেছেন, ‘তথ্য-প্রযুক্তির এই যুগে অনলাইন গণমাধ্যম প্রত্যেকের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বর্তমান সময়ে সবচেয়ে দ্রুত সময়ে সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করছে অনলাইন গণমাধ্যম। অনলাইন সাংবাদিকতা এখন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। তাই এখন সময় এসেছে অনলাইন সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার। আর সারা দেশের অনলাইন সাংবাদিকদের একই প্লাটফর্মে আনতে কাজ করছে জাতীয় অনলাইন প্রেসক্লাব। তাই অনলাইন সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে।’
শনিবার বিকেলে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনলাইন গণমাধ্যমে যারা কাজ করেন তাদের বেশীর ভাগই বয়সে তরুণ। অনেকেই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আবার মফস্বলে প্রবীন যারা কাজ করেন তাদের অনেকেই প্রযুক্তির সাথে খুব বেশী অভ্যস্থ নন। তাই পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষনের বিকল্প নেই। আমাদেরকে আরো বেশী বেশী করে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত মানোন্নয়ন করতে হবে।
শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুরের সঞ্চালনায় এ সভা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মুহিত আহমদ চৌধুরী, শেখ আশরাফ উদ্দিন রিপন।
বক্তব্য রাখেন- শায়েস্তাগন্জ অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি মো. হাছান আলী, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাইয়ুম, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, শাহাব উদ্দিন, নাদিয়া সুলতানা, আলী হায়দার সেলিম, সামিউল হক, দেওয়ান সৈয়দ সারোয়ার রেজা প্রমুখ।