৪ নভেম্বর ২০১৯
ওসমানীনগর প্রতিনিধি : পরীক্ষাকেন্দ্র থেকে ভাইকে নিয়ে বাড়ি ফেরা হলো না নাজমুল ইসলাম ফাহিমের। তার আগেই সড়কে ঝরলো তার প্রাণ। ঘাতক বাসের ধাক্কায় ফাহিমের বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। রাস্তায় পড়ে থাকে তার রক্তাক্ত নিথর দেহ। নিহত ফাহিম স্থানীয় আটগাঁও গ্রামের মৃত গেদন মিয়ার ছেলে। সে ওসমানীনগর মঙ্গলচণ্ডি নিশাত কান্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে সিলেটের ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজ সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশের এসআই কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত ফাহিমের ভাই জেএসসি পরীক্ষা দিচ্ছিল তাজপুর ডিগ্রি কলেজকেন্দ্রে। কেন্দ্র থেকে ছোট ভাইকে বাইসাইকেলে করে আনতে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে বাইসাইলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফাহিমের। দুর্ঘটনার পর বাসের চালক, হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।