২৮ আগস্ট ২০১৯

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর: ওসমানীনগরের পশ্চিম গোয়ালাবাজারের আবাসিক এলাকার একটি সড়কে বালি মাটি ফেলে ড্রেনের পানি আটকের দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বালিমাটি ফেলায় সড়কের পানি জমে থাকায় চলাচল করতে পারেনি বেশ কয়েকটি পরিবারের লোক। বিষয়টি জানতে পেরে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, সম্প্রতি গোয়ালাবাজারের তেরহাতি (ইছহাক নগর) আবাসিক এলাকার ব্যবসায়ী নিধির সূত্রধরসহ কয়েকটি পরিবারের যাতায়াতের সড়কে বালি মাটি ফেলে উচু করে রাখলে ড্রেনের পানি আটকে সড়কে উঠে পড়ে। এতে সড়ক দিয়ে আবাসিক এলাকার ভাড়াটিয়াসহ বেশ কয়েকটি পরিবার চলাচল করতে পারেনি।
এ ব্যাপারে ভূক্তভোগী সিলেটের সর্বোচ্চ করদাতা ব্যবসায়ী নিধির সূত্রধর অভিযোগ করে বলেন, প্রায় ২০বছর ধরে আমি জায়গা কিনে এখানে বসবাস করছি। আব্দুল কুদ্দুছ শেখ আমার পানি নিস্কাশনের ড্রেন ও বাসার সামনের রাস্তা বালি ফেলে বন্ধ করে দিয়েছেন।
এব্যাপারে আব্দুল কুদ্দুছ শেখ প্রবাসে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বাড়ির কেয়ারটেকার ফজলু মিয়া বলেন, রাস্তার পাশে শেখ সফর উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ড্রেনের পানি বিদ্যালয়ের মাঠে চলে আসলে শিক্ষার্থীদের অসুবিধা হয়। তাই বিদ্যালয় কমিটির সিদ্ধান্তে সড়কে বালিমাটি ফেলা হয়েছে।
ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছি। উভয় পক্ষকে শান্ত থেকে বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টি সুরাহা করতে বলা হয়েছে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসমানীনগর থানা এবং স্থানীয়দের হস্তক্ষেপে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালি অপসারণ করা হয়।