২৪ জুন ২০২২
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। এদুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও তিন যাত্রী। নিহতরা হলেন- উপজেলার পূর্ব ইসলামপুরের এখলাছ মিয়ার স্ত্রী হনুফা আক্তার (৪০) ও তার শিশু সন্তান এমরাজ মিয়া (৪)।
শুক্রবার সকালে উপজেলার তেলিখালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে চালানো একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে (সিলেট থ-১১-৫৪১৭) ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনায় চালকসহ আরও তিন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে চালক, হেলপার কাউকে আটক করা যায়নি।
উল্লেখ্য, বন্যার কারণে সিলেট-কোম্পানীগঞ্জ তেলিখাল সেতু সংলগ্ন সড়কের নিচ থেকে মাটি সরে যায়। ফলে গত ১৬ জুন থেকে যান চলাচল বন্ধ ছিল। অবশ্য পানি নামলে সেনাবাহিনী ওই সেতু মেরামত করার পর বৃহস্পতিবার থেকে যান চলাচল শুরু হয়। যান চলাচল শুরুর পরদিনই ঘটলো দুর্ঘটনা।