২৪ আগস্ট ২০১৯


রাতে শিক্ষার্থীদের আড্ডা বন্ধে সুনামগঞ্জে পুলিশের তৎপরতা

শেয়ার করুন


জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের গুরুত্বপুর্ণ এলাকার রাস্তার মোড়ে মোড়ে ও উল্লেখযোগ্য স্থানগুলোর আশেপাশে সন্ধ্যার পর থেকেই স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ বখাটেদের আড্ডা বন্ধে তৎপরতা শুরু করেছেন গোয়েন্দা সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার (২২আগস্ট) থেকে শুরু হওয়া এই অভিযানে এসব আড্ডা বন্ধের পাশাপাশি মোটরসাইকেলে ২জনের অধিক যাত্রী চলাচল বন্ধেও কাজ করছেন তারা।

শুক্রবার ২য় দিনের মতো সন্ধ্যার পর থেকে শহরের গুরুত্বপুর্ণ এলাকায় এই অভিযান চালিয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই কাজল চন্দ্র দেব। অভিযানিক দলে গোয়েন্দা সদস্য জহিরুল হোসেন এবং আল রাব্বিসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।

এসময় শহরের উকিলপাড়া, কাজীর পয়েন্ট, বিহারি পয়েন্ট, হোসেন বখত চত্তর, কালীবাড়ি মোড়, বাধনপাড়া পয়েন্ট, নতুনপাড়া, হাজিপাড়াসহ বেশ কয়েকটি এলাকার রাস্তার পাশে আড্ডারত থাকা স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরকে নিজ নিজ বাসায় চলে যাওয়ার এবং পাঠে মনোযোগী হওয়ার অনুরোধ করেন গোয়েন্দারা।

অভিযানে রাস্তায় চলমান একাধিক মোটরসাইকেলের গতিরোধ করে ২জনের অধিক যাত্রীদের নামিয়ে দেয়া হয় এবং পরবর্তী সময়েও ২জন আরোহীর বেশি না রাখার আহবান জানান গোয়েন্দারা।

জেলার নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় অপরাধ কমিয়ে আনতে ও উঠবি বখাটেদের সমন্বয়ে কিশোর গ্যাং এর বিস্তার প্রতিরোধে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন গোয়েন্দারা। তাদের মতে পড়াশোনার প্রয়োজন ব্যাতিত সন্ধ্যার পর শহরের রাস্তার মোড়ে মোড়ে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অযথা আড্ডা শিক্ষার্থীদের জন্যেই ক্ষতির কারণ হতে পারে। বখাটেদের সঙ্গে জড়িয়ে শিক্ষাজীবন থেকে অপরাধ জগতে সক্রীয়তা পরিলক্ষিত হতে পারে। তাই অভিভাবক মহলেও সচেতনতা জরুরী বলে জানিয়েছেন গোয়েন্দারা।

শেয়ার করুন