২৪ এপ্রিল ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের পাশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিন্টুস গোপ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মিন্টুস গোপ হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত মনোরঞ্জন গোপের পুত্র।
সোমবার সন্ধ্যায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক জানান, সন্ধ্যার দিকে চানপুর চা বাগানের পাশে ফাঁকা রাস্তায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মিন্টুস গোপ নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় দুই মোটরসাইকেলের আরও পাঁচ আরোহী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও দুজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করেছে পুলিশ।