২৭ আগস্ট ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, বিএনপি দেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল। জাতির যে কোন দুর্যোগে দলটি অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে।
রোববার বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির দেশব্যাপী ত্রাণ তৎপরতার অংশ হিসেবে সিলেট জেলার দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের পৃথক স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বর্তমান সরকারের সমালোচনা করে বলেন,দফায় দফায় বন্যায় দেশের মানুষ খুব বেশী ক্ষতিগ্রস্ত হয়ে হয়েছে। কিন্তু, বন্যার্তদের জন্য আওয়ামী লীগ তেমন কিছু করছে না। উপরন্তু, তারা বন্যার্ত মানুষের ত্রাণের টাকাও লুটপাটে ব্যস্ত রয়েছে। দেশ পরিচালনায় নিজেদের ব্যর্থতা আড়াল করতে তারা একের পর এক ষড়যন্ত্র করে জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করছে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের উদ্ধৃতি দিয়ে আরো বলেন- বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা সত্য প্রকাশ করলে তাদের আদালত অবমাননার মামলায় জড়ানো হয়। কিন্তু বর্তমানে সরকারের কর্তাব্যক্তি থেকে শুরু করে সকল স্তরের নেতাকর্মীরা মহামান্য সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগের সর্বোচ্চ শীর্ষ স্থান নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করতে হবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দক্ষিণ সুরমা উপজেলার হাজিগঞ্জ এলাকা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় অনুষ্ঠিত পৃথক ত্রাণ বিতরনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি আবুল খায়ের ভুইয়া, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক কেন্দ্রীয় (ফরিদপুর ) সহ-সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান, কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নছিরুল হক শাহীন চেয়ারম্যান, জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান সুফি ও মোয়াজ্জেম হোসেন শাহেদ প্রমুখ।
দক্ষিণ সুরমায় ত্রান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি হাজী শাহাব উদ্দিন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামীম আহমদ। ফেঞ্চুগঞ্জে ত্রান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী ও পরিচালনা করেন সাধারন সম্পাদক তছলিম আহমদ নেহার।
(আজকের সিলেট/২৭ আগষ্ট/ডি/এসসি/ঘ.)