৫ ফেব্রুয়ারি ২০২১


ট্রেনে লাইনচ্যুতের ঘটনায় তদন্তে কমিটি

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁয়ের গুতিগাঁও-এ লাইনচ্যুত ট্রেন থেকে তেল হরিলুটের ঘটনা ঘটেছে। বিয়ালীবাজারের মধ্যখানে গুতিগাঁও এলাকায় দুর্ঘটনা কবলিত তেলবাহী ট্রেনের ৮টি বগির ৭টি রেল লাইনের পাশে পড়ে যায়। এসময় তেল ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে।

খবর পেয়ে স্থানীয় লোকজন হাড়ি-পাতিল, বালতি ও ড্রাম নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করেন। দুর্ঘটনার পর এলাকায় অগ্নিকাণ্ডের আতঙ্ক উপেক্ষা করেও লোকজন তেল সংগ্রহে ব্যস্ত থাকতে দেখা যায়। রাত ২টা পর্যন্ত দুর্ঘটনা কবলিত ট্রেন থেকে লোকজন তেল সংগ্রহ করছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পরে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও পুলিশের উপস্থিতিতে লোকজন দুর্ঘটনা কবলিত ও লাইনে থাকা ট্রেনের বগি থেকে তেল হরিলুট করতে দেখা যায়।

সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাত ১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গেছে।

সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনার কারণ জানতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মো. খাইরুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন