১৩ মে ২০২০
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। প্রয়োজনীয় ওষুধও কিনতে পারছেন না। মুক্তিযোদ্ধা সাদেক আলীর বাড়ি উপজেলার মধ্য তাহিরপুর গ্রামে। বর্তমানে শয্যাশায়ী হয়ে বাড়িতে অবস্থান করছেন তিনি।
জানা যায়, উপজেলার বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী দীর্ঘ পাঁচ বছর যাবত প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে শারীরিক শক্তি সামর্থ্য হারিয়েছেন। তার মুক্তিযোদ্ধা সনদ নং ১৮১০০৭, মুক্তিবার্তা নং (লাল বই) ০৫০২০৮১১৮, গেজেট নং-৩১১২, মোবাইল নং-০১৯০৮৩১১৯২৬। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। এদিকে অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা প্রদান করা হলেও প্যারালাইসিস রোগে অসুস্থ মুক্তিযোদ্ধা সাদেক আলী পাঁচ বছর যাবত বিছানায় পড়ে থাকার পরও চিকিৎসা ভাতার তালিকাতে নাম নেই।
যারা চিকিৎসা ভাতা তালিকা করেছেন তারা তার খোঁজখবর না নিয়েই তালিকা তৈরি করেছেন বলে অভিযোগ তার।
উপজেলা মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসোইন শরীফ বিপ্লব জানান, অসুস্থ মুক্তিযোদ্ধা চিকিৎসার জন্য সরকারি ভাতা দিলেও একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ও দীর্ঘ পাঁচ বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী থাকলেও, চিকিৎসা ভাতা না দেওয়া খুবেই খারাপ কাজ। যারা তালিকা করেছেন বা তালিকায় নাম দিয়েছেন তারা অনিয়ম করেছে।
বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীর সন্তান শাওন জানান, আমার বাবা পাঁচ বছর যাবত প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বাড়িতে আছেন। টাকার অভাবে সুচিকিৎসা ও ওষুধ কিনতে পারছি না। সুস্থ সবল স্বাবলম্বী মুক্তিযোদ্ধারা চিকিৎসা ভাতা পান কিন্তু আমার বাবা একজন অসুস্থ মুক্তিযোদ্ধা তিনি কেন চিকিৎসা ভাতা থেকে বঞ্চিত হবেন। আমি চিকিৎসা ভাতার কথা শুনে রফিকুল ইসলামকে (মুক্তিযোদ্ধা কমান্ডার) ভাতার বিষয়ে বললে তিনি বলেন এবার আর হবে না সময় শেষ। সরজমিনে তদন্ত সাপেক্ষে আমার বাবাকে চিকিৎসা ভাতা প্রদানে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও তাহিরপুর ইউএনও স্যারের দৃষ্টি আকর্ষণ করছি।
তাহিরপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম বলেন, আমরা সাদেক আলীর প্রতি আন্তরিক। চিকিৎসা ভাতা দেওয়া হয় আবেদনের পরিপ্রেক্ষিতে। আমি সাদেক আলীর সন্তান শাওনকে বলেছিলাম আবেদন করতে কিন্তু সে কোন আবেদন করেনি। যার জন্য সাদেক আলীকে ভাতা তালিকায় দেওয়া হয়নি। আমরা চিকিৎসা ভাতার ১ লাখ টাকা ৫৫ জনের মধ্যে বিতরণ করেছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, মুক্তিযোদ্ধা সাদেক আলীর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।