১৫ জুন ২০১৯
উপজেলা প্রতিনিধি, মাধবপুর

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে মিলন মিয়া (২৬) নামে ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। এতে চালক আব্দুল খালেক গুরুতর আহত হয়েছেন। নিহত মিলন মিয়া বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মনসুর আলীর ছেলে। আহত ট্রাকচালক আব্দুল খালেককে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর নামক স্থানে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত হোসেন জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর নামক স্থানে একটি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় ভোর ৪ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি পাথরবাহী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের সহকারী মিলন মিয়া নিহত হন, চালক আব্দুল খালেক আহত হন। মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।