২৮ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : কোরবানী পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই পশুর হাটের ও জবাইয়ের বর্জ্য অপসারণ করা হবে জানিয়েছে সিলেট সিটি করপোরেশন। এজন্য ইতিমধ্যে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্জ অপসারনে ১০টি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
সিসিক জানায়, গত বছরের ধারাবাহিকতায় এবারও ২৪ ঘণ্টার মধ্যেই নগর পরিচ্ছন্ন করতে তিন স্তরে সিসিকের পরিচ্ছন্ন শাখার অন্তত তিন হাজার ২০০ কর্মী কাজ করবেন। পাশাপাশি নগরীর ৪২টি ওয়ার্ডে সুষ্ঠুভাবে বর্জ্য অপসারণ করতে মাঠে থাকবে বিশেষ মনিটরিং টিম। বর্জ্য অপসারণের পরপর জীবাণুমুক্তকরণে নগরজুড়ে জীবাণুনাশক ওষুধ ছিটানো ও স্প্রে করা হবে।
নগর পরিচ্ছন্নতার কাজে সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান, সিসিকের সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, প্রশাসনিক কর্মকর্তা ও পরিচ্ছন্ন কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রতিবারের মতো নগরবাসীর সহযোগিতায় কোরবানি পরবর্তী দ্রুততম সময়ে আমরা সিলেট নগরকে পরিচ্ছন্ন করে তুলব। কোরবানির বর্জ্য কোনোভাবেই বাসাবাড়ির আশপাশের কোনো ড্রেন, ছড়া কিংবা নদীতে ফেলবেন না। নির্ধারিত স্থানে বা বাসার সামনে সংরক্ষণ করবেন। পরে সিসিকের পরিচ্ছন্ন শাখায় যোগাযোগ করবেন।