৪ জানুয়ারি ২০১৯


সামনে ‘আসল ভোট’ আসছে : রেজা কিবরিয়া

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : ‘আসল ভোটের’ জন্য কর্মী সমর্থকদের প্রস্তুত থাকার আহবা জানিয়ে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ নিয়ে হেরে যাওয়া গণফোরাম প্রার্থী ও প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া বলেছেন, এটি আসল ভোট নয়, আসল ভোট আসছে সামনে।

শুক্রবার সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজ বাড়িতে আসেন রেজা। এ সময় তার সঙ্গে দেখা করতে আসেন নেতা-কর্মীরা।

আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ আ স ম কিবরিয়ার এবার ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশ নেওয়া নিয়ে তুমুল আলোচনা চলছে দুই মাসেরও বেশি সময় ধরে।
বাবার পরিচয় ব্যবহার করে জয়ের প্রত্যাশা করছিলেন রেজা। তবে তিনি ৮৫ হাজার ৮৮৫ ভোট পেয়ে হেরে যান। নৌকা নিয়ে আওয়ামী লীগের শাহনেওয়াজ মিলাদ গাজী জেতেন এক লাখ ৬০ হাজার ১৬৭ ভোট পেয়ে।

রেজা কিবরিয়া বলেন, এটি আসল ভোট নয়। ভোট ডাকাতি করে তারা (আওয়ামী লীগ) জয় পেয়েছে। আমি জানি তাদের মাঝে কোনো তৃপ্তি নেই। কারণ ডাকাতির মাধ্যমে কোনো কিছু অর্জনে তৃপ্তি থাকে না। ভোটাররা যেভাবে ভয়ভীতি, গ্রেফতার আতঙ্ক, মামলা-হামলা সব উপেক্ষা করে সকাল থেকে ভোট কেন্দ্রে ছুটে গিয়েছিলেন, যদি তারা ভোট দিতে পারতেন তবে তাদের (আওয়ামী লীগের) এমন ভরাডুবি হতো যা কল্পনাও করা যেত না। এবার আসল ভোটের জন্য প্রস্তুতি নিন।

এই আসল ভোট শিগগির হবে জানিয়ে রেজা আবার বলেন, ‘আপনারা প্রস্তুত থাকুন।’

শেয়ার করুন