৭ নভেম্বর ২০১৮


দিরাইয়ে আমন ধানে পোকার আক্রমন

শেয়ার করুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : দিরাইয়ে রোপা আমন জমিতে মাজরা পোকার আক্রমনের কারণে ফলন নিয়ে শংকায় রয়েছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগ মাজরা পোকায় আক্রান্ত জমিতে পোকা দমনে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

জানা যায়, চলতি বছর দিরাই উপজেলায় ১৯০০শ’ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভাল হয়েছে। তবে, মাজরা পোকার আক্রমনে অনেক এলাকার আমন জমির ফসল ক্ষতি সাধিত হচ্ছে।

এসব এলাকার কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগ থেকে তারা কোন প্রকার প্রতিকার পাচ্ছেন না।

দিরাই পৌরসভার রাধানগর গ্রামের রবিদাস জানান, তিনি ৩০ শতক জমিতে আমন চাষ করেছেন। কিন্তু মাজরা পোকার আক্রমনে তার জমির সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে।
দিরাই পৌরসভার শুকরনগর গ্রমের আবুল মিয়া জানান, তিনি এ বছর এক একর জমিতে রোপা আমন ধান আবাদ করেছেন। জমির ধানে শীষ আসার সাথে সাথে মাজরা পোকার আক্রমন দেখা দেয়। পোকা দমনের ঔষধ ব্যবহার করেও তিনি কোন ফল পাননি।

দিরাই পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর সুব্রত চৌধুরী সেতু বলেন, তিনি তার ওয়ার্ডের আমন জমিতে মাজরা পোকা আক্রমনের অভিযোগটি দিরাই উপজেলা কৃষি অফিসে জানিয়েছেন কিন্তু কৃষি অফিসের কোন লোক জমি দেখতে আসেনি।

সহকারী কৃষি কর্মকর্তা রণধীর দাস বলেন, অভিযোগটি পুরোপুরি সত্য নয়। ইতোমধ্যে এলাকার কিছুকিছু জায়গায় কৃষি বিভাগ থেকে পোকা দমনে ব্যবস্থা নেয়া হয়েছে।

দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল হক বলেন, মাজরা পোকার আক্রমন দিরাইয়ে সহনীয় পর্যায়ে রয়েছে। তবে, পরিদর্শন সাপেক্ষে কৃষি বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

শেয়ার করুন