৯ সেপ্টেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক : গোয়াইনঘাটে দুই নারীকে হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি হলেন- গোয়াইনঘাট উপজেলার পাংথুমাই গ্রামের আছকর আলীর ছেলে মখলিছ (৫৫)। এ ছাড়া তার স্ত্রী রাহেলা বেগমকে (৪৮) তিন বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। আদালত ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন।
বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান।
জেলা ও দায়রা জজ আদালতে পাবলিত প্রসিকিউটর নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের ২৫ এপ্রিল পিয়াইন নদীর তীরে মুর্তা বেতের বাগানের জায়গার বিরোধ নিয়ে গোয়াইনঘাটের পাংথুমাই গ্রামের জমসু মিয়ার স্ত্রী মালেকা বেগম (৫০) ও আজির উদ্দিনের স্ত্রী হাসিনা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যা করেন মখলিছ। এসময় তাকে সহযোগিতা করেন তার স্ত্রী রাহেলা বেগম। এ ঘটনায় হাসিনা বেগমের ছেলে আব্দুস সবুর চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।
আদালত সূত্র জানায়, দীর্ঘ তদন্ত শেষে গোয়াইনঘাট থানার তৎকালীন এসআই মশিউর রহমান ২০১৬ সালের ১৩ এপ্রিল দুই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। তদন্তে অপর দুই জনের সংশ্লিষ্টতা না থাকায় তাদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।