৪ নভেম্বর ২০১৮


আসামি দেখতে গিয়ে গ্রেপ্তার ভাইস চেয়ারম্যান!

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে থানায় আসামি দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা গয়াছ মিয়া।

শনিবার রাত ৯টার দিকে ওসমানীনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া গয়াছ মিয়া উপজেলার গোয়ালাবাজার ইউপির ব্রাহ্মণ গ্রামের মৃত শফিক উল্ল্যার ছেলে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল-মামুন ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়াকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গয়াছ মিয়ার বিরুদ্ধে থানায় ছাত্র উস্কানির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (মামলা নং-১০(০৮)২০১৮) রয়েছে। শনিবার রাত ৯টার দিকে গয়াছ মিয়াকে গোয়ালাবাজার থেকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির একাধিক সূত্র জানায়, গয়াছ মিয়া মামলা সম্পর্কে অবহিত ছিলেন না। এ কারণেই রাতে এক আসামিকে দেখতে থানায় যাওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন