৬ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে গ্যাস সঞ্চালনের পাইপ ফেটে গ্যাস নিঃসৃত হওয়ায় সিলেট-তামাবিল সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সোমবার বিকেলে নগরীর মেজরটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেজরটিলা বাজারে সিসিকের পানির পাইপ স্থাপনের কাজ করা হচ্ছে। বিকেলে মাটি কাটার মেশিনের (এক্সকাভেটর) আঘাতে গ্যাসের পাইপ ফেটে গিয়ে প্রবল বেগে গ্যাস বের হতে থাকলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
খবর পেয়ে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর কর্মকর্তা-কর্মচারী ঘটনাস্থলে ছুটে এসে বাঁশ দিয়ে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ করেন। পরে বিকেল পৌনে ৫টার দিকে এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় ( এ রিপোর্ট লেখা পর্যন্ত) মহানগরের খাদিম, টিলাগড়, মিরাবাজার, শিবগঞ্জ, সাদিপুর, সেনপাড়া, বালুচর, মেজরটিলা, খারপাড়া, মিরাপাড়া ও টুলটিকর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
জেজিটিডিএসএলের ব্যবস্থাপক (পূর্ব) সংকর চন্দ্র শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘ছোটখাটো বিষয়। সিটির পানির লাইনের কাজ করার সময় এক্সকাভেটর লেগে গ্যাসের পাইপ ফেটে যায়। মেরামতের জন্য আমাদের টিম কাজ করছে। কয়েক ঘণ্টার মধ্যে সমাধান হয়ে যাবে।’
এএস // আতারা