৩ জুন ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শাহজিবাজারে ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ট্রান্সফরমার বিকল হয়ে সাত ঘণ্টা বিদ্যুৎহীন থেকেছেন ২৮ হাজারের অধিক গ্রাহক। ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালে এমন বিদ্যুৎ বিভ্রাটে ক্ষোভ প্রকাশ করেন দলীয় নেতাকর্মীরও।
শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হবিগঞ্জ শহর পুরোপুরি বিদ্যুৎহীন থাকে। এ সময় বাসাবাড়ির ফ্রিজে রাখা খাবার নষ্ট হওয়াসহ শহরবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হয়।
কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পক্ষ থেকে এ নিয়ে কিছু না জানানোয় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির একটি সূত্র জানিয়েছে, বেলা ১২টায় শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একটি ফিডারের ট্রান্সফরমার থেকে সবক’টি ব্রেকার পড়ে যায়। এতে পুরো হবিগঞ্জ বিদ্যুৎহীন হয়ে পড়ে। পরে শ্রীমঙ্গল থেকে বিদ্যুৎ এনে গ্রামগুলোতে সংযোগ স্বাভাবিক রাখা হয়। কিন্তু বিপিডিবির আওতায় হবিগঞ্জ শহরে বসবাসকারী ২৮ হাজার গ্রাহক সাত ঘণ্টা বিদ্যুৎহীন থেকেছেন।
হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম জানান, ৭ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় তাদের ফ্রিজে রাখা রান্না করা খাবার নষ্ট হয়ে গেছে। দিনভর পানি তুলতে না পারায় রান্নাবান্না এবং গোসলও বন্ধ ছিল। কী কারণে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বা কতক্ষণ সমস্যা থাকবে জানতে বিপিডিবির অভিযোগ কেন্দ্রের নম্বরে দিনভর কল দিলেও সাড়া পাওয়া যায়নি।
একই কথা জানিয়েছেন হবিগঞ্জ শহরের বাসিন্দা জাহিদুল আলম, নজরুল ইসলাম, ফয়সল আহমেদ, শাওন এবং নূর ইসলামসহ গ্রাহকরা। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে, বিকেল থেকে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়াসহ কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠানে বিদ্যুৎ না থাকায় সেখানে দুর্ভোগ হয়েছে। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
বিপিডিবি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন সর্দারের সঙ্গে মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। দপ্তরটির অভিযোগ কেন্দ্রের নম্বরেও সাড়া পাওয়া যায়নি।