২৯ অক্টোবর ২০১৮


দিরাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরে হাঁস চড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এরশাদ মিয়া (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধ শতাধিক। নিহত এরশাদ মিয়া ওই গ্রামের একাব্বর আলীর ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার বিকেলে উপজেলার রফিনগর ইউনিয়নের সেচণী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীরা জানান, সেচণী গ্রামের পাশের হাওরে হাঁস চড়ানো নিয়ে আবুল কালাম ও আমিন আলীর লোকজনের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ঘটনাস্থলেই আমিন আলীর পক্ষের এরশাদ মিয়া নিহত হন। এসময় আহত হন উভয় পক্ষের অর্ধ শতাধিক লোক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই থানার ওসি মোস্তফা কামাল জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন