২৫ আগস্ট ২০২২


সিলেটে হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের পিকেটিং

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে সারাদেশের ন্যায় সিলেটেও বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল চলছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই শান্তিপূর্ণ হরতাল চলচে দুপুর ১২টা পর্যন্ত।

হারতাল শুরু পর নগরীর কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার পয়েন্টে হরতাল সমর্থকদের পিকেটিং করতে দেখা গেছে। এসময় কিছুটা হলেও যান চলাচল কমে যায়। তবে নগরীর অন্যান্য এলাকার পরিস্থিতি মোটামোটি স্বাভাবিক ছিল।

এদিকে, বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় যান চলাচল কিছুটা কম থাকলেও অফিস-আদালত, ব্যাংক, স্কুল-কলেজ সহ অন্যান্য কার্যক্রম অনেকটাই স্বাভাবিক ছিল। তবে হরতালের অযুহাতে সিএনজি অটোরিক্সা ও রিক্সাকে বেশী ভাড়া আদায় করতে দেখা গেছে।

প্রসঙ্গত, গতকাল বুধবার পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেন, সারা দেশের মানুষ এক দুর্বিষহ জীবনযাপন করছে। আমরা ধারাবাহিক লড়াই-সংগ্রামের মধ্যে আছি, হরতাল আহ্বান করেছি। সারা দেশের মানুষ আমাদের কর্মসূচির প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করেছে। রুহিন হোসেন বলেন, বর্তমান সংকটে মানুষ বাঁচাতে দায়িত্বশীল আচরণ না করে সরকার নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলেছে। সম্প্রতি মোটা চালসহ চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রভাবে সর্বত্র মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে একেবারেই অতিষ্ঠ করে তুলছে। তিনি আরও জানান, হরতাল চলাকালীন সময়ে হাসপাতাল, জরুরি সেবাদানকারী যানবাহন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, লাশ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান, খাবার হোটেল হরতাল কর্মসূচির আওতার বাইরে থাকবে। সংবাদ সম্মেলন থেকে তিনি দেশবাসীকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত রাজপথে থেকে হরতাল সফল করার আহ্বান জানান।

শেয়ার করুন