২১ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনরে (দুদক) মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিম ওরফে রিজেন্ট সাহেদের তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এ দণ্ডাদেশ দেন।
এর আগে গত ১০ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২১ আগস্ট দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ৫ নভেম্বর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে সাহেদকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। এ সময়ে সম্পদের হিসাব জমা না দেয়ায় আরও ১৫ কার্যদিবস সময় দেয় হয়। তবে বর্ধিত সময়েও সম্পদ বিবরণী জমা দেয়নি সাহেদ। পরে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে তার বিরুদ্ধে ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়।
এই অভিযোগে ২০২১ সালের ১ মার্চ সাহেদের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলা করা হয়। পরে মামলার অভিযোগ গঠন করে ২০২২ সালের ১৭ এপ্রিল সাহেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দেন আদালত। এ মামলায় বিভিন্ন সময় মোট ১০ জনে সাক্ষ্যগ্রহণ করা হয়।