২৩ অক্টোবর ২০১৮


কারাবন্দি হলেন হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের স্থানীয় একটি পত্রিকা অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।

এর আগে উক্ত মামলায় আদালত তাকে ৩ বছরের কারাদন্ড দেন।

মামলার বিবরণে জানা যায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছের মালিকানাধীন স্থানীয় দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকা কার্যালয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ হয়। এ ঘটনায় উক্ত পত্রিকা অফিসের তৎকালিন মেশিন অপারেটর ও কেয়ারটেকার মিজানুর রহমান বাদি হয়ে ২০০৭ সালের ১০ এপ্রিল ৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলায় ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের ১৪ আগস্ট আদালত উক্ত মামলায় যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, যুবলীগ নেতা হাসান চৌধুরী হেমসিন ও তালুকদার শাহীনকে আদালত ৩ বছর করে সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা করে জরিমানা করেন। বাকি আসামীদের খালাস দেয়া হয়। এর প্রেক্ষিতে আতাউর রহমান সেলিম মঙ্গলবার আদালতে হাজির হয়ে আপিলের শর্তে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন