২ জানুয়ারি ২০২২


লামাকাজী ও খাজাঞ্চীতে নৌকার মাঝি ফয়সল-গণি

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে আগামী ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে দুই ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এর মধ্যে উপজেলার লামাকাজী ইউনিয়নে নৌকার টিকেট পেয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফয়সল আহমদ এবং খাজাঞ্চী ইউনিয়নে নৌকার টিকেট পেয়েছেন সৌদি আরব প্রবাসী আওয়ামী লীগ নেতা আরশ আলী গণি।

গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবী সভায় ওই দু’জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত হয়।

এর আগে, গত ২১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সিলেট জেলা ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্যে স্থানীয় লামাকাজী বাজারের একটি কমিউনিটি সেন্টারে তৃণমূলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

লামাকাজী ইউনিয়নে তৃণমূলের ৯ ভোট পেয়ে বিজয়ী হন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফয়সল আহমদ। ৮ ভোট পেয়ে দ্বিতীয় হন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরল হোসেন এবং ১ ভোট পেয়ে তৃতীয় হন উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. শাহনুর হোসাইন।

খাজাঞ্চী ইউনিয়নে তৃণমূলের ১০ ভোট পেয়ে বিজয়ী হন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর। ৭ ভোট পেয়ে দ্বিতীয় হন সৌদি আরব প্রবাসী আওয়ামী লীগ নেতা আরশ আলী এবং ৩ ভোট পেয়ে তৃতীয় হন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমান সুইট।

শেয়ার করুন