৯ অক্টোবর ২০১৮


কুলাউড়ায় এমপির স্বেচ্ছাচারিতা, পূজা পরিষদের ওয়াকআউট

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : পূজা মন্ডপের জন্য সরকারী বরাদ্দকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভায় তুমুল হট্টগোল হয়েছে। সভার এক পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল মতিনের নিজস্ব প্যাডে উপজেলার বিভিন্ন মন্ডপে বরাদ্দকৃত অর্থ তালিকা প্রকাশ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী।

এসময় উপস্থিত পূজা পরিষদের নেতৃবৃন্দ এমপির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে এই তালিকার প্রতিবাদ করেন। এমপির অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে পূজা পরিষদের নেতৃবৃন্দরা সভাস্থল থেকে ওয়াক আউট করেন। কিছুক্ষণ সভা বন্ধ থাকার পর ইউএনও, পুলিশ ও ইউপি চেয়ারম্যানদের মধ্যস্থতায় সভায় ফিরেন পূজা পরিষদ নেতারা।

জানা যায়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার এক প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে পূজা পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হকসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা অংশ নেন। সভায় এক পর্যায়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী এমপি কর্তৃক পাওয়া তালিকা ঘোষণা করেন।

এমপি তালিকা দিতে পারেন না বলে দাবী করেন পূজা উদযাপন পরিষদের কুলাউড়া উপজেলা সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু। সাথে এমপির হস্তেক্ষেপ অযাচিত বলে উল্লেখ করে তার বক্তব্যে বিষয়টির প্রতিবাদ জানান। একই সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু এমপির পক্ষে অবস্থান নিয়ে বলেন- ‌’এমপি তালিকা দিতে পারেন। তাঁর দেওয়ার রাইট আছে।’

তালিকার পক্ষে বিপক্ষে রাজনৈতিক ও পূজা পরিষদ নেতৃবৃন্দের অবস্থানের ফলে সভায় হট্টগোলের শুরু হয়। এসময় পূজা পরিষদের নেতৃবৃন্দরা সভা থেকে ওয়াক আউট করে বেরিয়ে আসেন। পরে ইউএনও, কুলাউড়া থানার ওসি এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের অনুরোধে সভায় ফিরে আসেন পূজা পরিষদের নেতারা।

অরবিন্দু ঘোষ বিন্দু জানান-‌’পূজা পরিষদ অরাজনৈতিক সংগঠন। স্বাধীনতা পরবর্তী অনেক এমপি দেখেছি কেউ হস্তক্ষেপ করেননি। এমপি তাঁর প্যাডে পিআইও (উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার) কে বরাদ্ধের তালিকা দিতে পারেন না। অতীতে আমাদের দেয়া তালিকা অনুযায়ী পূজা মন্ডপে সরকারী সহায়তা এসেছে।’

এমপি আব্দুল মতিন বলেন- ‌’আমি ঢাকায় আছি। যেসব মন্ডপে পূজা হচ্ছে, তারা যাতে স্বচ্ছভাবে সহায়তা পায় সেই উদ্দেশ্যেই তালিকা দিয়েছি। ‘

উল্লেখ্য, কুলাউড়ায় সার্বজনিন ১৯৬টি ও ব্যক্তিগতভাবে ২৩টি মন্ডপে পূজা আয়োজন করা হচ্ছে।

শেয়ার করুন