৪ নভেম্বর ২০২৩


ঘুরে আসুন শাপলার ভুবন জৈন্তাপুরের ডিবির হাওর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: প্রকৃতির অপরূপ কন্যা সিলেটের জৈন্তাপুর। এখানকার মাটি ও মানুষের সঙ্গে প্রকৃতির মায়া মায়া রূপ সর্বদাই বিরাজমান। কোথাও টিলার গায়ে চায়ের গাছের সবুজ চাদর, কোথাও পাথরের কাঠিন্যের মাঝে জলের শীতল পরশ, কোথাও বা জল-বৃক্ষের মিতালি—এমনই সব রূপ লাবণ্য নিয়ে গড়ে উঠেছে দেশের উত্তরপূর্বের এই জনপদ।

 

সেল্ফি ব্রীজে স্থানীয় কিশোর পর্যটক দিলদার ও তার দুই বন্ধু

জৈন্তাপুরে গেলে আপনার নয়ন জুড়াবে বৈচিত্র রূপের স্বতন্ত্র ধারক উপজেলার ডিবির হাওর। লাল শাপলায় রঙিন হয়ে উঠে এখানকার চারটি বিল। শরতের শেষভাগ থেকে শীতজুড়ে লাল শাপলার বিলগুলো মনোমুগ্ধকর সৌন্দর্য ছড়িয়ে সবাইকে আকর্ষিত করে। শাপলার বুকচিরে নৌকা নিয়ে বেড়ানোর সময় হৃদে ছন্দের দোলা লাগে। কাব্যিক স্বর ওঠে।

পর্যটনকেন্দ্র হিসেবে জৈন্তাপুর উপজেলার এখন মূল আকর্ষণ হয়ে উঠেছে এই ডিবির হাওর। বহু দূর থেকে মানুষ দেখতে আসে এই শাপলার বিল।

ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে ডিবি বিল, ইয়াম বিল, হরফকাট বিল ও কেন্দ্রীবিল এই চারটি বিলে সম্মিলনে বিস্তৃত ডিবির হাওর। চারটি বিল মিলে লাল

শাপলার রাজত্ব ছড়িয়ে আছে ৯০০ একর এলাকাজুড়ে। এক সময় জৈন্তার রাজা  রামসিংহের সমাধি বুকে নিয়ে চুপচাপ পড়ে ছিল ডিবির হাওর। বছর ত্রিশেক আগে সীমান্তের ওপারের খাসিয়া সম্প্রদায় ডিবি বিলে লাল শাপলার চারা রোপণ করেন পূজা-অর্চনায় ফুলের চাহিদা মেটাতে। ধীরে ধীরে ডিবি বিল ছাড়িয়ে লাল শাপলায় রঙিন হয়ে উঠে কেন্দ্রী বিল, হরফকাটা বিল ও ইয়ামবিল। এমনকি আশপাশের পুকুরেও

 

দেখা মেলে লাল শাপলার। চারটি বিলের অন্তত ৭০০ একর জায়গা লাল শাপলা দখল করে আছে। জৈন্তা রাজ্যের রাজা রাম সিংহকে এ হাওরে ডুবিয়ে মারা হয়েছিল। সেই স্মৃতিতেই নির্মিত দুইশত বছরের পুরাতন একটি মন্দিরও আছে সেখানে।

দেখে আসুন জৈন্তাপুর ডিবির বিল

ডিবির হাওরের অন্যতম আকর্ষণ হল হাওরের পারঘেঁষা পাহাড়ের সারি। হরফকাটা ও ডিবি বিলের মধ্যে রয়েছে রাজা রাম সিংহের সমাধিস্থল। দূর পাহাড়ে দেখা মিলবে খাসিয়াদের পান-সুপারির বাগান। প্রকৃতির বুকে শিল্পীর তুলিতে আঁকা এ যেন এক নকশিকাঁথা।

সিলেট শহর থেকে ৪২ কিলোমিটারের যাত্রাপথ। শাপলার বিলের পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে হলে ভ্রমণপিপাসুদের পৌঁছাতে হবে ভোরে। সূর্যের আলো ফোটার আগেই যেন শাপলার রূপ ফোটে ফোটে বেরোয়। সিলেট শহর থেকে বাসে করে বা সিএনজি অটোরিকশায় চেপে পৌঁছা যায় শাপলার বিলে। বাসে করে গেলে আপনাকে সিলেটের জৈন্তাপুর উপজেলায় নামতে হবে। সেখান থেকে ৫ মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন ডিবির হাওরে।

ঘুরে আসতে পারেন জৈন্তাপুরের ডিবির হাওর | নাগরিক সংবাদ

এছাড়া চাইলে ব্যাটারিচালিত অটোরিকশায় চেপে বসতে পারেন বিল পর্যন্ত যেতে। সিলেট শহর থেকে জৈন্তাপুর উপজেলার পর্যন্ত জনপ্রতি বাস ভাড়া পড়বে মাত্র ৬০ থেকে ৭০ টাকা। লেগুনায় চড়ে গেলেও খরচ পড়বে প্রায় একই রকম। আর সিএনজি অটোরিকশা নিয়ে যেতে চাইলে ভাড়া পড়বে দেড় থেকে দু হাজারের মধ্যে। শাপলার বিল ঘুরে দেখার জন্য পুরো নৌকা ভাড়া নেওয়া যাবে চার থেকে পাঁচশ টাকার মধ্যে। অবশ্য নৌকা ভাড়া মৌসুম ভেদে কম বেশি হয়ে থাকে। শাপলার বিলের আশেপাশে তেমন কোনও রেস্টুরেন্ট এবং খাবার ব্যবস্থা না থাকায় আয়োজনটা নিজ দায়িত্বেই করতে হবে।

এএস // আতারা

শেয়ার করুন