৩ সেপ্টেম্বর ২০১৮


বঙ্গবন্ধুকে কটুক্তি, তাজপুর কলেজের প্রভাষক বরখাস্ত

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সৈয়দ রুমান আলী নামে তাজপুর ডিগ্রি কলেজের এক প্রভাষককে বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার উমরপুর ইউপির সৈয়দ মান্দারুকা গ্রামের সৈয়দ আতর আলীর ছেলে। স্থানীয় ছাত্রলীগের আন্দোলনের মুখে ওই প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়।

সোমবার দুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওই প্রভাষককে সাময়িক বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তাজপুর ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ রুমান আলী তার নিজের ফেসবুক আইডি থেকে গত ২০১৪ সালের ১৫ আগস্ট, ২৬ অক্টোবর, ২০১৬ সালের ৬ জানুয়ারি, ও ২০১৭ সালের ১৬ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা ধরনের কটূক্তি করে স্ট্যাটাস দেন।

সম্প্রতি সৈয়দ রুমান আলীর ফেসবুকের স্ট্যাটাসগুলো স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী ও তাজপুর কলেজের সাধারণ ছাত্রীদের নজরে পড়লে ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ ছাত্ররা ফুঁসে ওঠে। এর জেরে সোমবার ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ ছাত্ররা তাজপুর ডিগ্রি কলেজে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে অভিযুক্ত প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে অভিযোগ করে।

ছাত্রদের বিক্ষোভের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ওসমানীনগর থানা পুলিশ কলেজে অবস্থান নেয়। এদিকে ঘটনা সামাল দিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনু মিয়া শিক্ষকদের নিয়ে তাৎক্ষণিকভাবে একটি সভা করে অভিযুক্ত প্রভাষক সৈয়দ রুমান আলীকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

এদিকে এ ঘটনায় ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান আহমদ বাদী হয়ে প্রভাষক সৈয়দ রুমান আলীকে অভিযুক্ত করে গত রোববার রাতে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার ৩টার দিকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে অভিযুক্ত প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, প্রভাষক রুমান আলীর এমন ঘটনায় ছাত্রদের আন্দোলন প্রশাসনের পক্ষ থেকে প্রশমন করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত প্রভাষককে সাময়িক বরখাস্ত করেছে। এ ঘটনায় প্রভাষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তাজপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুনু মিয়া বলেন, প্রভাষক সৈয়দ রুমান আলীকে সাময়িক বরখাস্ত কর হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান স্মারকলিপি গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দিয়েছি।

শেয়ার করুন