১৪ এপ্রিল ২০২২


সিলেটে বাড়তে পারে নদ-নদীর পানি, হঠাৎ বন্যার শঙ্কা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট বিভাগের চার জেলার নদ-নদীর পানি দ্রুত বাড়ার আবাস পাওয়া গেছে। এতে করে হঠাৎ দেখা দিতে পারে অকাল বন্যা। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন আভাস দিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী শুক্রবার নাগাদ দেশের সিলেট অঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশের কতিপয় স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রধান নদ-নদীর পানি সমতল কতিপয় স্থানে ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উওর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

শেয়ার করুন