২৩ মে ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কোটি ১৭ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ এক দুবাইযাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন। উদ্ধারকৃত অর্থের মধ্যে সৌদি আরব, ওমান, কুয়েত ও বাহরাইনের মুদ্রা রয়েছে।
বুধবার দুপুরে এফজেট-৫৯৫ ফাইটে দুবাই যাওয়ার প্রাক্কালে মিসবাহ উদ্দিন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত মিসবাহ উদ্দিন গাজিপুরের কাপাসিয়া চানপুর ভাওয়াল এলাকার আব্দুল আরশাদ আকন্দের ছেলে। তিনি গত এক বছরে সিলেট ওসমানী বিমানবন্দর দিয়ে ১২ বার দুবাই যানর বলে সিভিল এভিয়েশনের কর্মকর্তারা জানান।
সংশ্লিষ্টরা জানান, বুধবার দুপুরে ওসমানী বিমানবন্দর থেকে ফাই দুবাইয়ের ফাইট ছেড়ে যাওয়ার আগে যাত্রীদের লাগেজ তল্লাশী করছিলেন তারা। এসময় মিসবাহ উদ্দিনের সাথে থাকা লাগেজটি সন্দেহ হলে এটি খুলে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রার দেখতে পান। এসময় মিসবাহ উদ্দিনকে আটক করা হয়।
ওসমানী বিমানবন্দর সিভিল এভিয়েশনের নিরাপত্তা পরিদর্শক নির্মল দেব বলেন, আটক যাত্রীর কাছ থেকে কুয়েত, ওসমান, আমিরাত, সৌদি আরর ও বাংলাদেশি ২ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৩ টাকা ৫০ পয়সার বিদেশি মুদ্রা জব্দ করা হয়। এসময় এভিয়েশন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে আটক মিসবাহ উদ্দিন জানিয়েছেন, মুদ্রা পাচার করা তার ব্যবসা। ব্যবসার উদ্দেশ্যেই মুদ্রাগুলো নিয়ে যাচ্ছিলেন। তবে সিলেটের কোনো স্থান থেকে মুদ্রাগুলো নেওয়া হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি সংশ্লিষ্টরা।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, প্রায় ২ কোটি ১৭ লাখ টাকাসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতকে পুলিশের কাছে ও টাকা শুল্ক বিভাগে হস্তান্তর করা হবে।
(আজকের সিলেট/২৩ মে/ডি/এসটি/ঘ.)