৪ নভেম্বর ২০২২


মাধবপুরে ‘প্রেমের বিরোধে’ প্রাণ গেল কলেজছাত্রের

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ‘প্রেমঘটিত বিরোধের জেরে’ আতিকুল ইসলাম (১৭) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত আতিকুল উপজেলার ছাতিয়ান গ্রামের শামসুল হকের ছেলে ও মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র।

শুক্রবার সকালে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিনগত রাতে স্থানীয় একটি মাহফিলে যায় আতিকুল। মাহফিল শেষে রাত ২টার দিকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মরদেহের সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন