২৫ জুন ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার প্রধান নদীগুলোর পানি ক্রমশ কমতে থাকলেও হাওরের পানি না কমায় বন্যা আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ জেলার সাতটি উপজেলায় ৫৪টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। এদের মধ্যে ২১ হাজার ২০২ জন বন্যা আশ্রয় কেন্দ্রে উঠেছেন। যাদের মধ্যে রয়েছে ৫ হাজার ১১ জন শিশু।
আজমিরীগঞ্জ পৌরসভাসহ এ উপজেলার পাঁচটি ইউনিয়ন, নবীগঞ্জে ১২টি, বানিয়াচংয়ে ১৫, লাখাইয়ে ৬, সদর উপজেলায় ৬, মাধবপুরে ৫ ও বাহুবল উপজেলার ৪টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে।
দুর্গতদের জন্য সরকারের পক্ষ থেকে ১৫ লাখ টাকা, ৪১৫ মেট্রিক টন চাল ও ৩ হাজার ৪০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। চিকিৎসা সেবার জন্য কাজ করছে ৩০টি মেডিক্যাল টিম।
জেলা প্রশাসনের হিসেবে- বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়াদের মধ্যে ৮ হাজার ১৮০ জন পুরুষ, ৭ হাজার ৮০৯ জন নারী, ৫ হাজার ১১ জন শিশু এবং ২০২ জন প্রতিবন্ধী রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ২৪ হাজার ১৯০টি এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৮৩ হাজার ৩৩০ জন।
বানের পানিতে ১৬ হাজার ৩৬৮ হেক্টর আউশ, ১৪ হাজার ৬৬০ হেক্টর বোনা আমন, ১ হাজার ৯১৫ হেক্টর জমির শাকসবজি এবং ৫০ হেক্টর অন্যান্য জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার উদ্ধার হয়েছে ৫০০ হেক্টর জমির ধান।