২৪ নভেম্বর ২০২৩
শ্রীমঙ্গলে প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধানের গাদায় লুকিয়ে থাকা প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার তিন নম্বর সদর ইউনিয়নের ভাড়াউড়া গ্রামের জ্যোতিষ বৈদ্যের কৃষিজমি থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার সকালে জ্যোতিষ বৈদ্যের ক্ষেতে ধান কাটতে গিয়ে বিশাল আকৃতির একটি অজগর দেখতে পায় কৃষকরা। সাপটি ধানের গাদায় লুকিয়ে ছিল। পরে স্থানীয়রা বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে অক্ষত অবস্থায় ক্ষেত থেকে অজগরটিকে উদ্ধার করি। আজগরটি প্রায় ১০ ফুট লম্বা ও ১৩ কেজি ওজনের। সাপটিকে বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগরটিকে অবমুক্ত করা হবে।
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব স্বপন বলেন, অজগরের ইংরেজি নাম ‘বার্মিজ পাইথন’। এরা সম্পূর্ণভাবে নির্বিষ বা বিষমুক্ত সাপ। অর্থাৎ এদের কামড়ে মানুষ মরে না। এরা খুব সহজেই ঘাস, খড়কুটো, জলাভূমি এবং গাছে লুকিয়ে থাকতে পারে। পানিতে এরা সাঁতার কাটতে বেশ দক্ষ।
তিনি আরও বলেন, অজগরও অন্যান্য সাপের মতো ফসলের জন্য ক্ষতিকর প্রাণী ইঁদুর খেতে কৃষক এবং কৃষির উপকার সাধন করে থাকে। অজগরসহ অন্যান্য প্রজাতির সাপ হত্যা করে মানুষ পরিবেশ ও প্রকৃতির ক্ষতি করে চলেছে।