৯ এপ্রিল ২০২২


আগুন আতঙ্কে নগরবাসী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আধ্যাত্মিক রাজধানী সিলেট। গত কয়েকদিন থেকে এই সিলেটে ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। শপিং মল থেকে শুরু করে অবাসিক ভবনে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। গত তিন দিনের মধ্যে নগরীর তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা যায়, গত ৫ এপ্রিল নগরীর পূর্ব দরগাহ গেইটে ‘বেবি গার্ডেন’ নামের শিশুপণ্যের একটি দোকানে পুড়ে ছাঁই হয়ে যায়। ভোর ৫টার দিকে আগুনের সুত্রপাত ঘটে। আগুনে ১ কোটি ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক।

এর পরদিন ৬ এপ্রিল দুপুর ২টার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় দৌলতপুর স্কয়ার নামের একটি ৫ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়নি তবে ভবনের ব্যপক ক্ষতি হয়েছে।

এর পরদিনই ৭ এপ্রিল দুপুর সাড়ে ১২ দিকে নগরীর হাউজিং এস্টেটস্থ আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে একটি গাড়িতে হঠাৎ করে আগুন ধরে যায়। তৎক্ষণাৎ স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সংশ্লিষ্ট সূত্রমতে, গত তিন মাসে সিলেট নগরীতে ৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে ১জনের মৃত্যুও হয়েছে। ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তালতলা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, সিলেটে ইদানীং খুব ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। যেহেতু গরমের মৌসুম চলে এসেছে এজন্য আমাদের সচেতন থাকতে হবে। আমাদের সচেতনতা অগ্নিকাণ্ডের ঘটনা কমিয়ে আনতে পারে।

শেয়ার করুন