১৬ মে ২০২২


বিশ্বে করোনার সংক্রমণ-মৃত্যু নিম্নমুখী

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে দীর্ঘদিন তাণ্ডব চালিয়ে মহামারি করোনাভাইরাস সংক্রমণ-মৃত্যুতে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। সেইসাথে কেমেছে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তে শীর্ষে ছিলো তাইওয়ান এবং মৃত্যুতে রাশিয়া।

সোমবার সকালে করোনাভাইরাসে সংক্রমিত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এদিন বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৩৩০ জন, আর কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৫৪৮ জনের। এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ১৯ হাজার ১৮৫ জন।

আগের দিন শনিবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিলো ৪ লাখ ১ হাজার ৬৯৩ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মারা গিয়েছিলেন ৮৪৬ জন।

ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবারের মতো গত ২৪ ঘন্টায় দৈনিক করোনা সংক্রমণের হিসেবে শীর্ষে ছিলো তাইওয়ান। স্বায়ত্বশাসিত এই দ্বীপ ভূখণ্ডে এ দিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৮ হাজার ৭৬৯ জন এবং এ রোগে সেখানে মৃত্যু হয়েছে ১৯ জনের।

অন্যদিকে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যুর হিসেবে শীর্ষে ছিলো রাশিয়া। রোববার দেশটিতে ৯৯ জনের মৃত্যু হয়েছে কোভিডজনিত অসুস্থতায় ভুগে এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৫৬ জন।

এছাড়া বিশ্বের আরো যেসব দেশে এ দিন সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৪২ হাজার ১১৭, মৃত ২১), জাপান (নতুন আক্রান্ত ৩৮ হাজার ৬২৭, মৃত ৩৪), ইতালি (নতুন আক্রান্ত ২৭ হাজার ১৬২, মৃত ৬২), দক্ষিণ কোরিয়া (নতুন আক্রান্ত ২৫ হাজার ৪৩৪, মৃত ৪৮), এবং ব্রাজিল (মৃত ৪৭, নতুন আক্রান্ত ৬ হাজার ২৯৬)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ১১৮ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ২৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৯ হাজার ৯৩ জন।

ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫২ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৯৯৫ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৮৮ হাজার ৩৭৯ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৯ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৪৯৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

শেয়ার করুন