১ অক্টোবর ২০২৩


সিলেটে বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। চলতি মওসুমে সিলেটে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হলেও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২১০ জনে। গত ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৪ জন। এরমধ্যে সিলেটে ১ জন ও হবিগঞ্জের ৩ জন রয়েছেন।

শনিবার সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধিন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মওসুমে সিলেটে ডেঙ্গুরোগীর সংখ্যা ১২১০ জনে দাঁড়িয়েছে। শনিবার পর্যন্ত সিলেট বিভাগে ৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এরমধ্যে সিলেটে ৫ জন, হবিগঞ্জে ১১ জন, মৌলভীবাজারে ১ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধিন রয়েছেন।

জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে সিলেটে ১ জন ডেঙ্গুরোগীর মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছেন ২৫৭ জন। গেল আগস্ট মাসে সিলেটে ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন ৫০৭ জন। অথচ চলতি মওসুমের ৭ মাসে অর্থাৎ জানুয়ারী-জুলাই মাসে শনাক্ত হয়েছেন ৪৪৬ জন।

খোঁজ নিয়ে জানা গেছে, জানুয়ারী থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলতি মওসুমে সিলেট বিভাগে মোট ১ হাজার ২১০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলার ২২৮ জন, সুনামগঞ্জের ৮৯ জন, হবিগঞ্জের ৪৪৮ জন, মৌলভীবাজারের ১০৬ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ৩৩৯ জন রয়েছেন।

এছাড়া আক্রান্ত ১ হাজার ২১০ জনের মধ্যে ১ হাজার ১৭৯ জন পুরোপুরি সুস্থ হয়েছেন।

শেয়ার করুন