২৭ মার্চ ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার বিশারদপুর গ্রামের তোরাব আলী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও অপর একজনের দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল আজিজ এবং অপর আসামি তার ভাই দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল জাহির। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা দায়রা জজ এ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তেরাব আলীর বাড়িতে হামলা চালায় আব্দুল আজিজ ও তার ভাইসহ একদল সন্ত্রাসী। কুড়াল দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে স্বজনদের সামনে তোরাব আলীর চোখে এলোপাতাড়ি ভাবে গুলি করে। পরে ঘটনাস্থলেই মারা যান তোরাব আলী। ঘটনা পর তেরাব আলীর শাশুড়ি খোদেজা বিবি বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন বিজ্ঞ আদালত। এছাড়াও একই মামলায় পাঁচ আসামি বেকসুর খালাস পেয়েছেন।
তারা হলেন-বিশারদপুর গ্রামের মফিজ আলীর ছেলে ইলিয়াস আলী ও মজিবুর রহমান, ওয়ারিদ উল্লাহর ছেলে আয়ান মিয়া, বঞ্চনপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. সিরাজ মিয়া, ময়মনসিংহের মদনপুর থানার জাহাঙ্গীরপুর গ্রামের মৃত আয়ান মিয়ার ছেলে জালাল উদ্দিন।
বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মানিক লাল দে। বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাভোকেট সৈয়দ জিয়াউল ইসলাম।
রাষ্টপক্ষের আইনজীবী ছিলেন অ্যাভোকেট খাইরুল কবির রুমেন পিপি।
(আজকের সিলেট/২৭ মার্চ/ডি/এসটি/ঘ.)