১৯ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এ কে আবুল মোমেন বলেছেন, বিএনপি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে। তাদের উচিত ছিল নির্বাচনে অংশ নেওয়া। তারা নির্বাচনে না এসে রাজনৈতিকভাবে বড় ভুল করেছে। তারা বরং বিদেশি দেশগুলোর কাছে নালিশই দিচ্ছে। এ জন্য বিএনপি হচ্ছে নালিশপার্টি।
মঙ্গলবার দুপুরে মহানগরের ধোপাদিঘীরপাড় এলাকায় নিজের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ড. মোমেন বলেন, এবারের নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ। কারণ বিএনপি নির্বাচন নস্যাৎ করতে যা যা করার তা করছে। তারা আগের মতো অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা ও অবরোধ চালিয়ে যাচ্ছে। দেশের সম্পদ নষ্ট হচ্ছে। ৭ জানুয়ারি দলে দলে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে প্রমাণ করতে হবে দেশবাসী তাদের সঙ্গে নেই। পৃথিবীর অনেক লোক সিলেট-১ আসনের দিকে তাকিয়ে আছে। আমরা সিলেট-১ আসনে সবচেয়ে বেশি ভোট ফেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো। সিলেট-১ আসনের দিকে সারাবিশ্ব তাকিয়ে আছে। সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে সারাবিশ্বকে প্রমাণ করতে হবে আমরাও পারি। আমরা বিজয়ের জাতি।
তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিয়ে বিশ্বকে প্রমাণ করে দেবো, আমরা পারি। এবারের নির্বাচন একটা চ্যালেঞ্জ। আমাদের প্রতিপক্ষ দল নির্বাচন বানচাল করার জন্য হরতাল, অবরোধ, মানুষ পোড়ানোর মতো ন্যক্কারজনক কাজ করে যাচ্ছে। নির্বাচনে দলে দলে এসে ভোট দিয়ে প্রমাণ করুন তাদের সঙ্গে দেশবাসী নেই। সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর। এজন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে।
এসময় নির্বাচনে সর্বোচ্চসংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।
পরে মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে নৌকার প্রচারণা ও মিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী।