২৫ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : ছুটির দিনে দল বেঁধে মাইক্রোবাসে করে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন তাঁরা। বেপরোয়া গতির পাথরবাহী ট্রাকের চাপায় এখন তাঁদের কারও লাশ মর্গে, কেউ হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।
নরসিংদীর শিবপুরে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবীর হোসেন।
নিহত সাতজন হলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী গ্রামের মোতাহের হোসেনের ছেলে মীর নাজমুল হক ওরফে সবুজ (৩০), গাজীপুরের কালিয়াকৈর থানার লতিফপুর গ্রামের আইয়ুব খানের ছেলে আল আমীন (২৭), ঝালকাঠির রাজাপুর থানার পারগোপারপুর গ্রামের আবদুল গনি হাওলাদারের ছেলে আল আমীন হাওলাদার (২৯), জামালপুরের সরিষাবাড়ী থানার ধারাবর্ষা গ্রামের দুদু মিয়ার ছেলে রাজু আহাম্মেদ (৩৬), মাদারীপুরের কালকিনি থানার উত্তর কৃষ্ণনগর গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল (৩৭), বরিশালের মুলাদি থানার মুলাদি গ্রামের মো. মজিবর সিকদারের ছেলে রায়হান সিকদার ওরফে আরিয়ান (২৪) ও কুষ্টিয়ার সদর থানার খাজানগর গ্রামের নুরু মোল্লার ছেলে বাবুল মোল্লা (৪০)।
এ ছাড়া আহত চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন সাকি, পারভেজ ও দোয়েল। দুর্ঘটনার পর থেকে মাইক্রোবাসচালকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, সাভার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিলো। এ সময় মাইক্রোবাসটি শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ২ জন মারা যান। আহত বাকি ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা মাইক্রোবাসটির উচ্চগতি কারণেই দুর্ঘনাটি ঘটেছে।
ইটাখোলা ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, রাত ৩টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন সহ মোট ৭ জন মারা গেছে। চালক আহত অবস্থায় পুলিশ হেফাজতে রয়েছে। অন্যান্যদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।