২২ মার্চ ২০১৮


কবরস্থানের মাটি কেটে হচ্ছে ফসলরক্ষা বাঁধ নির্মাণ

শেয়ার করুন

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : শাল্লা উপজেলায় কবরস্থানের মাটি কেটে ফসলরক্ষা বাঁধ নির্মাণ করার খবর পাওয়া গেছে। উপজেলার ৪নং শাল্লা ইউপি’র ছায়ার হাওর উপ-প্রকল্পে মনুয়া
গ্রাম হতে সহদেবপাশা পর্যন্ত বাঁধের কাজটি মনুয়া কবরস্থান থেকে মাটি কেটে কাজ সম্পন্ন করছেন ৭৫নং পিআইসির সভাপতি দিলোয়ার হোসেন। মনুয়া গ্রামের একমাত্র কবরস্থান থেকে বাঁধের মাটি কাটায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গ্রামবাসির মধ্যে। এতে ক্ষোভ প্রকাশ করছেন মনুয়া গ্রামসহ এলাকাবাসি।

সরজমিনে গিয়ে দেখা যায়, উক্ত বাঁধের দক্ষিণ পাশে প্রচুর মাটি থাকা সত্ত্বেও পিআইসির সভাপতি মনুয়া কবরস্থান থেকে বাঁধের মাটি কাটছেন। ফলে কবরস্থানে বেশ কয়েকটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসি বক্তব্যে জানা যায় বর্তমানে উক্ত কবরস্থানটি সংস্কার উপযোগি। তার উপর এখান থেকে মাটি কাটায় ও বিশাল বিশাল গর্ত হওয়ায় মর-দাফনে সমস্যা হবে।

মনুয়া গ্রামের আবু বক্কর, কনক চৌধুরী, কমল চৌধুরী, তাবুর মিয়াসহ আরো অনেকের সাথে কথা বলে জানা যায়, অনেক বাধার পরও কবরস্থান থেকে মাটি কাটছে ওই পিআইসি’র সভাপতি। তিনি এলাকাবাসিকে কোনোরূপ পরোয়া করছেন না বলেও জানান মনুয়া গ্রামবাসি।

এব্যাপারে পিআইসির সভাপতি দিলোয়ার হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি কবরস্থান হতে কোনো মাটি কাটিনি।

এবিষয়ে শাল্লা দায়িত্বরত শাখা কর্মকর্তা সমশের আলীর সাথে বার বার মুঠোফোনে যোগাযোগ করে সংযোগটি বন্ধ পাওয়া যায়।

(আজকের সিলেট/২২ মার্চ/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন