২২ সেপ্টেম্বর ২০২৩
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নের হাতে মামার খুন হয়েছেন। নিহতের নাম আবুল হোসেন (৪২)। সে উপজেলার কাজলসার ইউপির মঙ্গলশাহ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার কাজলসার ইউপির মঙ্গলশাহ গ্রামে ঘটেছে।
জানা যায়, আবুল হোসেন লিচুর সঙ্গে তার পাশের বাড়ির বাসিন্দা ও চাচাতো বোনর ছেলে জাকারিয়া আহমদ (২২) এর জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের সূত্র ধরে ও সম্প্রতি সময়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে জাকারিয়া আহমদ, জোবেল আহমদ (২৫) ও মামন আহমদ (২১) সহ কয়েকজন আবুল হোসেন লিচুর বাড়িতে আক্রমণ চালিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়েই পুলিশের তিনটি টিম খুনের সঙ্গে জড়িত আসামিদের ধরতে অভিযান শুরু করেছে।
প্রাথমিকভাবে জানাগেছে, পূর্ব বিরোধের জেরে খুনের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।