২১ মার্চ ২০১৮
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল ও মাধবপুর উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফরহাদ মিয়া (২৮), নূর আলী (৪০) ও অনুপম বড়ুয়া (২৬)। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্থানীয় প্রতিনিধিরা।
আমাদের বাহুবল প্রতিনিধি জানান, বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন- উপজেলার শঙ্করপুর গ্রামের তুলা মিয়ার ছেলে অটোচালক ফরহাদ মিয়া (২৮) ও তার চাচাতো ভাই বেলাল মিয়ার ছেলে নূর আলী (৪০)।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দৌলতপুর এলাকার এ দুর্ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, অটোরিকশায় গ্যাস নেওয়ার জন্য ফরহাদ ও নূর বাড়ি থেকে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। এ সময় পথে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আমাদের মাধবপুর প্রতিনিধি জানান, মাধবপুরে ট্রাক চাপায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান প্রকৌশলী মারা গেছেন। তার নাম অনুপম বড়ুয়া। তিনি শাহজীবাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান প্রকৌশলী।
বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মাধবপুর থানা পুলিশ জানায়, বুধবার সকালে ৮টার দিকে ইঞ্জিনিয়ার অনুপম বড়–য়া বাসা থেকে মোটরসাইকেলে করে বিদ্যুৎকেন্দ্র যাচ্ছিলেন। পথে রাস্তা পারাপারের সময় ঢাকা অভিমুখী দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত অনুপম বড়ুয়া চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরাইন গ্রামের মৃত হরিতোষ কুমার বড়–য়ার ছেলে।
(আজকের সিলেট/২১ মার্চ/ডি/এমকে/ঘ.)