২৭ জুলাই ২০২৩


বিদ্যুৎ নিয়ে গেল অটোচালকের প্রাণ

শেয়ার করুন

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) দিনরাত সোয়া ১২টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক।

মারা যাওয়া অটোচালকের নাম হারেছ মিয়া (২৫)। তিনি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামের আবদুল গণির ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হারেছ মিয়া পাশের চকিয়াচাপুর গ্রামে এক স্বজনের বাড়িতে তার অটোরিকশাটি রাত সাড়ে ১০টার দিকে চার্জে দেন। রাত সোয়া ১২টার দিকে অটোরিকশাটি চার্জ হচ্ছে কি না, তা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন হারেছকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকালে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন