১৫ মে ২০২০
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমা উপজেলার কুচাই এলাকায় তেলের গাড়িতে আগুন লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- কুচাই এলাকার বাসিন্দা ওয়ার্কশপ মালিক কমর উদ্দিন (৩৫) ও চালক মানিক মিয়া (৩৭)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কুচাই এলাকার একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পদ্মা কোম্পানির একটি তেলের গাড়ি (ঢাকা মেট্রো চ-৪১-০২০৯) ওই এলাকায় স্থানীয় মা ওয়ার্কশপে নিয়ে গাড়ির ভেতরে ঢুকে ওয়েলডিং (ঝালাই) করার সময় আগুন ধরে যায়। এতে দুইজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন। খবর পেয়ে স্টেশন অফিসার রায়হান চৌধুরীর নেতৃত্বে দমকল বাহিনী সিলেটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান এবং মরদেহগুলো উদ্ধার করেন।
অফিসার রায়হান চৌধুরী বলেন, গাড়ির ভেতরে মেরামত করতে গিয়ে ওয়েলডিংকালে বিদ্যুতের শর্টসার্কিট থেকে দুর্ঘটনায় একজনের মরদেহ গাড়ির বাইরে ছিটকে পড়ে। আরেকজনের মরদেহ গাড়ির ভেতর থেকে বের করা হয়।
এসএমপির মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন বলেন, ঘটনাটি জানতে পেরেছি। পদ্মা ওয়েলের গাড়ি মেরামত করতে গিয়ে ওয়েলডিং করার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে।