৭ জুলাই ২০২৩


সিলেটে পুলিশ পরিচয়ে মাদরাসাছাত্রের মোটরসাইকেল নিয়ে চম্পট

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটের শিবেরবাজার এলাকার বাসিন্দা এক মাদরাসাছাত্র নিজের মোটরসাইকেলটি বিক্রি করতে ফেসবুকে পোস্ট করেছিলেন। সে পোস্ট দেখে এক প্রতারক অভিনব পন্থায় তার কাছ থেকে মোটরসাইকেলটি হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায় গত ১৪ জুন। ঘটনার পর ওই মাদরাসাছাত্র থানাপুলিশের দ্বারস্থ হলেও এখন পর্যন্ত হদিস মিলেনি ওই প্রতারক বা মোটরসাইকেলের।

জানা গেছে, সিলেটের শিবেরবাজার এলাকার বড়কাপন গ্রামের বাসিন্দা মাদরাসাছাত্র সাঈদ আহমদ তার মোটরসাইকেলটি (আরটিআর সিলেট-ল ৩২৩২৬৯) বিক্রি করতে কিছুদিন আগে ফেসবুকে পোস্ট দেন। এরপর বিভিন্নজন মোটরসাইকেল কিনতে তার কাছে ফোন করেন। এর মধ্যে গত ১৪ জুন এক লোক সাঈদকে মুঠোফোনে কল করে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ওই মোটরসাইকেলটি কিনতে চান এবং গাড়িটি দেখতে চান। এসময় সাঈদ ওই লোককে সিলেট মহানগরের সুবিধবাজার আসতে বলেন। কিন্তু ওই লোক সাঈদকে বলেন- ‘আমি দক্ষিণ সুরমার কদমতলি এলাকায় ডিউটিতে আছি। তাই আসতে পারবো না। যদি সম্ভব হয় তবে আপনি গাড়ি নিয়ে কদমতলিতে আসুন।’

এ কথা শুনে সাঈদ সরল বিশ্বাসে গাড়ি নিয়ে কদমলিতে আসেন এবং এসে ফোন করা ব্যক্তিকে পান। এসময় ওই লোকের হাতে একটি ওয়াকিটকি দেখতে পান সাঈদ। এসময় ওই লোক ওয়াকিটকিটি সাঈদের হাতে ধরিয়ে দিয়ে বলেন- ‘গাড়িটি আমার পছন্দ হয়েছে। আমার ওয়াকিটকিটি আপনার কাছে রাখুন আর চাবি দিন। আমি একটু ট্রায়াল দিয়ে আসি।’

এ কথা বলে ওই প্রতারক গাড়িটি নিয়ে দক্ষিণ সুরমার আলমপুরের দিকে যায়। কিন্তু প্রায় এক ঘণ্টা হয়ে গেলেও গাড়ি নিয়ে ফিরে আসতে না দেখে সাঈদের মনে সন্দেহ দেখা দেয় এবং তিনি কদমতলি পুলিশ ফাঁড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত জানান। এসময় ফাঁড়ির পুলিশ ওয়াকিটকিটি হাতে নিয়ে দেখে সেটি নকল। এসময় সাঈদের কাছে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয় এবং কদমতলি ফাঁড়িপুলিশের পরামর্শে তিনি দক্ষিণ সুরমা থানায় গিয়ে একটি জিডি করেন।

প্রতারণার শিকার মাদরাসাছাত্র সাঈদ আহমদ বলেন- ‘ওই প্রতারক আমার মোটরসাইকেলটি হাতিয়ে নেওয়ার পরদিন আমার মোবাইল ফোনে কল দিয়ে বিয়ানীবাজার গিয়ে গাড়ি নিয়ে আসতে বলে এবং এর আগে ৩ হাজার টাকা বিকাশ করতে বলে। কিন্তু সেটিও একটি প্রতারণা বলে ধারণা করি আমি এবং বিস্তারিত পুলিশকে জানাই। গত ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের জন্য হয়তো আমার গাড়িটি উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালাতে পারেনি। তবে আমার বিশ্বাস, পুলিশ আমার গাড়িটি উদ্ধার এবং ওই প্রতারকে আটক করবে।’

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) বলেন- ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।’

শেয়ার করুন