১৫ জুলাই ২০২১
নিজস্ব প্রতিবেদক : নগরীর সোবহানীঘাট এলাকায় দখল হওয়া ৮ কোটি টাকা মূল্যের সাড়ে ২৫ শতক জায়গা ৬৪ বছর পর উদ্ধার করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। হাই কোর্টের রায়ে ভূমির মালিকানা ফিরে পায় সিসিক।
বৃহস্পতিবার সকালে মেয়র আরিফুল হক চৌধুরী ও সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন রুমা নগরীর সোবহানীঘাটস্থ অবৈধ দখলদারদের ও জায়গায় স্থাপনকৃত স্থাপনা উচ্ছেদ করা হয়।
১৯৫৬ সালের খতিয়ান অনুসারে এই বিশাল ভূমির মুল মালিকানা ছিল স্থানীয় সরকারের। কিন্তু স্থানীয় অধিবাসী আব্বাস উদ্দিন গং নগরীর সোবহানীঘাটস্থ প্রায় ২৬ ডেসিমেল এই জায়গাটি দীর্ঘদিন ধরে মামলার মাধ্যমে নিজেদের দাবি করে ভোগ দখল করে আসছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। ৬৪ বছর পরে আদালতে রায়ের পর ভূমির মালিকানা ছাড়তে হয় আব্বাস গংকে। বর্তমান বাজার মূল্য অনুসারে জায়গাটির মূল্য আট কোটি টাকার উপরে।
এ সময় তাদের সাথে ছিলেন- সিসিকের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের প্রমুখ।
সপ্তাহ খানিক আগেই হাই কোর্টের এক আদেশে জায়গার মালিকানা ফিরে পায় সিলেট সিটি কর্পোরেশন । আদালত জমির দখল বুঝে নিতে সিসিকের পক্ষে রায় দেন।
জায়গার মালিকানা ফিরে পেয়ে সিসিক মেয়র আরিফুল হক বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণ হল কেউ সরকারের সম্পত্তি অবৈধ ভাবে ভোগ দখল করে রাখতে পারবে না। যত দিনই হোক তা ফেরত দিতে হবে।
তিনি বলেন দেখভালের অভাবে এভাবে সিসিকের অনেক সম্পত্তি বেহাত হয়েছে। আগামীতেও সিসিকের দখল হওয়া সম্পত্তি এভাবে উদ্ধার করা হবে। আপাতত এই স্থানে কি করা হবে সেটা নির্ধারণ করা হয়নি। জায়গাটিকে বসবাসের উপযোগী করতে কাজ করছে সিসিক।
প্রসঙ্গত, ১৯৫৬ সালের এসএ রেকর্ড মোতাবেক উক্ত দাগের ভূমির মালিকানা সিলেট সিটি করপোরেশনের নামে রেকর্ডভূক্ত রয়েছে। এর আগে ১৭ জুন ২০২১ খ্রিস্টাব্দ তারিখে আদালতের রায়ে একই এলাকায় সিলেট সিটি কর্পোরেশন ১০.৯৪ শতক জমি উদ্ধার ও সীমানা চিহ্নিত করে।