৬ জুলাই ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটক নিখোঁজ। তার নাম আরশ আহমেদ (১৫)। নিখোঁজ আরশ আহমেদ কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার শিদলাই গ্রামের পুলিশ পরিদর্শক জাহেদুল হোসেন’র ছেলে এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরশ আহমেদ তার বাবা মা ও ছোট ভাইয়ের সঙ্গে ঢাকা থেকে বৃহস্পতিবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে।
বিকেলের দিকে আরশ ও তার বাবা জাহেদুল হোসেন জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় একপর্যায় বাবা ও ছেলে স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছে দেখে স্থানীয় কয়েকজন মিলে বাবা ছেলেকে উদ্ধার করতে গেলে একপর্যায় বাবাকে উদ্ধার করতে সক্ষম হলেও ছেলে আরশ পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান।
খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এ প্রতিবেদন লেখার সময় রাত ৮টা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাননি তারা।
জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও বিজিবির সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে।