৮ জুন ২০২৩


প্রিপেইড মিটারের আওতায় আসছে সিলেটের গ্যাসের লাইন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : গ্যাস সাশ্রয় করতে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ও তৎপাশ্র্ববর্তী এলাকায় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ  গ্রাহকদের প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন শুরু করতে শুরু করেছে। এতে করে গ্যাস সাশ্রয় হবে ৩০-৪০ ভাগ। ফলে গ্রাহকদের আগের তুলনায় কম বিলও পরিশোধ করতে হচ্ছে।

জালালাবাদ গ্যাস কর্মকর্তাগন বলেন, বর্তমানে জালালাবাদ কোম্পানির গ্রাহক সংখ্যা ২ লাখ ২১ হাজার ৪৫৯। এর মধ্যে আবাসিক বা গৃহস্থালির কাজে সংযোগ (চুলা) রয়েছে ২ লাখ ১৯ হাজার ৭৬৪টি। বাকি ১ হাজার ৬৮৪টি গ্রাহক সংযোগ রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বিদ্যুৎ কেন্দ্র, রেস্টুরেন্ট, চা বাগান ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে।

আবাসিক গ্রাহকদের মধ্যে সিলেট মহানগরী ও সিলেট সদর উপজেলায় রয়েছে প্রায় ৯৫ হাজার সংযোগ। প্রথম দিকে ৫০ হাজার গ্রাহককে সংযোগ প্রি-পেইড মিটারের আওতায় নিয়ে আশার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ঈদুল আযহার পূর্বে সিলেট নগরীতে প্রি-পেইড মিটারের সংযোগ স্থাপন শুরু হবে। এ জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

১৩৬ কোটি টাকা ব্যয়ের প্রি-পেইড মিটার স্থাপন প্রকল্পের প্রথম ধাপ এপ্রিলের ১৫ তারিখ শুরু হয়। প্রথম ধাপে নগরীর হাউজিং এস্টেট, দরগামহল্লা, সুবিদবাজার, মিয়া ফাজিল চিশত, পাঠানটুলা, বাগবাড়ি, লামাবাজার, দাড়িয়াপাড়া, শেখঘাট, জিন্দাবাজার, সোবহানিঘাট, বড়বাজার, শাহী ইদগাহ, বালুচর, শিবগঞ্জ, শাহজালাল উপশহর ও মেজরটিলাসহ পার্শ্ববর্তী এলাকার আবাসিক গ্রাহকদের এই সংযোগ দেওয়া হয়। পর্যায়ক্রমে অন্যান্য গ্রাহকদেরও প্রিপেইড মিটারের আওতায় আনা হচ্ছে।

প্রিপেইড মিটার ব্যবহারে গ্যাসের অপচয় রোধ করা সম্ভব হবে এবং গ্রাহকেরা অতিরিক্ত বিল দেওয়া থেকে রেহাই পাবেন। নিকটস্থ রিচার্জ পয়েন্ট থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে ক্রেডিট কিনে প্রি-পেইড মিটার রিচার্জ করা যাবে। রিচার্জ শেষ হলেও এক্ষেত্রে ইমার্জেন্সি ব্যালেন্সের সুবিধা থাকছে।

জালালাবাদ গ্যাস কর্মকর্তা লিটন নন্দী আরো জানান, জালালাবাদ গ্যাসের পক্ষ থেকে গ্রাহকদের বিনামূল্যে মিটার লাগিয়ে দেয়া হচ্ছে। মিটারের মূল্য মাসিক ভাড়া হিসেবে সমন্বয় করা হচ্ছে। প্রিপেইড মিটারের মতো বিভিন্ন অ্যাপসের মাধ্যমে গ্রাহক গ্যাসের বিল পরিশোধ করতে পারবেন। হঠাৎ ক্রেডিট শেষ হয়ে গেলে ইমার্জেন্সি রিচার্জেরও সুযোগ থাকছে প্রি-পেইড মিটারে। এতে গ্যাসের সাশ্রয় হবে এবং গ্রাহকদের বিলও কম আসবে। সাশ্রয় হওয়া গ্যাস শিল্প ও বাণিজ্যখাতে ব্যবহারও করা যাবে।

শেয়ার করুন