২৪ মে ২০২৩


সুরমা নদী থেকে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকের সুরমা নদী থেকে এখলাছ মিয়া (৪০) নামে নিখোঁজ হওয়ার এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত এখলাছ মিয়া ছাতকের ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গনেশপুর গ্রামের মৃত বশর উদ্দিনের পুত্র।

বুধবার সকালে সুরমা নদীর আন্ধারিগাঁও এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি।

নিহত এখলাছ মিয়ার স্ত্রী রোজিনা বেগম জানান, ওই দিন সন্ধ্যায় গ্রামের খলিল মিয়ার পুত্র মিলন মিয়া সহ কয়েকজন তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মিলন মিয়া তার স্বামীর ব্যবসায়িক পার্টনার। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সাথে করে ১ লক্ষ টাকা নিয়েছিলেন বলে জানান তিনি। এরপর থেকেই এখলাছ মিয়া নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে মঙ্গলবার ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

ছাতক থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত এখলাছ মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে মিলন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন