২৭ ফেব্রুয়ারি ২০১৮
নিজস্ব প্রতিবেদক : কোম্পানীগঞ্জে পাথর কোয়ারিতে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার রাতে নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন ওসি শফিকুর রহমান খান।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক কোয়ারির লেবার সর্দার আব্দুর রউফকেও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত রবিবার রাতে উপজেলার কালাইরাগ এলাকায় মাটির গভীর থেকে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়।
কোয়ারি ধসে নিহতরা হলেন- সুনামগঞ্জের মুরাদপুরের মতিউর রহমান, রুহুল মিয়া, ছলেরবন গ্রামের আশিক আলী, জামালগঞ্জের কলকটা গ্রামের আতাবুর রহমান ও একই গ্রামের মইনুদ্দিন (৩০)।
স্থানীয়রা রাতেই ঘটনাস্থল থেকে মতিউর ও রুহুল মিয়ার এবং সোমবার সকালে আশিক ও আতাবুরের লাশ উদ্ধার করেন। আর বিকালে উদ্ধার করা হয় মইনুদ্দিনের লাশ। দুর্ঘটনার পরপর আহত তিনজনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
(আজকের সিলেট/২৭ ফেব্রুয়ারি/ডি/এসটি/ঘ.)