২৯ ডিসেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক)। এই অনুষ্ঠান বর্জন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। তবে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন।
বয়কটের সিদ্ধান্তের সমালোচনা করে নাগরিক সংবর্ধনার জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘আমাকে কেউ কেউ বলেছেন, আজকের আয়োজন আরিফ করেছেন। আমি বলেছি, আরিফ সাহেব করে নাই, করেছে সিটি করপোরেশন। বরং আপনাদের লজ্জা পাওয়া উচিত এই কারণে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এত ভালো কাজ করছেন, একজন অন্য দলের লোক সেটি স্বীকার করছে, সেটা গ্রহণ করছে। আপনাদের তো ভালো লাগার কথা। ’
বুধবার বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে পররাষ্ট্রমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেয় সিসিক।আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা ও সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক এবং নগরীর বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিশেষ অবদানের জন্য তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সিলেট-১ (সদর-নগর) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘এই সিলেট নগরী আপনার, আমার সবার। কে কোন মতের-দলের, সেটা দেখার বিষয় নয়। আমরা সবাই সিলেটের, এটাই মূল বিষয়। এখানের ছেলে আমি, সবার হৃদয়ে সিলেট।’
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফ আওয়ামী লীগ সম্পর্কে কটুক্তি করে তাদের ‘গন্ডারের’ সঙ্গে তুলনা করেন। এরপর সিলেট আওয়ামী লীগে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সিলেট মহানগর আওয়ামী লীগ বিবৃতি দিয়ে মেয়র আরিফের কটুক্তির প্রতিবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল। আওয়ামী লীগ সরকারের বরাদ্দে উন্নয়ন কর্মকাণ্ড করে মেয়র আরিফ নিজের নাম প্রচার করছেন বলেও অভিযোগ রয়েছে।
সম্প্রতি নগরীতে অযৌক্তিকভাবে পানির বিল বৃদ্ধির ফলে জনদুর্ভোগের সৃষ্টি করায় মেয়র আরিফের সমালোচনায় মুখর হয় আওয়ামী লীগ। উদ্ভূত পরিস্থিতিতে ‘মেয়র আরিফের উদ্যোগে’ পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা বয়কট করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।