৯ মার্চ ২০২৩


কারা আসছেন মহানগর বিএনপির নেতৃত্বে?

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : রাত পোহালেই সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ইতিমধ্যে চায়ের কাপে চুমুকে চুমুকে নেতাদের দুষগূণ চর্চা  চলছে খুব। মহানগরের নেতৃত্বে আসতে সম্মেলনে তিন পদে লড়ছেন ৮ জন প্রার্থী। সম্মেলনে মহানগর বিএনপি নেতাদের বেছে নেবেন তৃণমূলের কর্মীরা।

শুক্রবার নগরীর রেজিস্ট্রারি মাঠের সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনের পরপরই জাতীয়তাবাদী দলের কর্মীরা  নেতৃত্ব নির্বাচনের জন্য দল উপদলে, শহরের অলিগলিতে গল্প আড্ডায় ব্যস্ত সময় পার করছেন।

সিলেট মহানগর বিএনপি সুত্রে জানা যায়, মহানগর বিএনপির নেতৃত্বে আসতে তিনটি পদে ৮ নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।

সাধারণ সম্পাদক পদে প্রাথী হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ।

নাম প্রকাশ না করার শর্তে ১৯ নং ওয়ার্ড বিনপির এক দায়িত্বশীল আজকের সিলেট ডটকমকে জানান, সাবেক মহানগর সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী উভয়ে ভদ্র মানুষ। তবে, মিফতাহ সিদ্দিকী কর্মীবান্ধব নেতা। তার পক্ষে ভোট পড়বে বেশি। একই কথা বলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের ক্ষেত্রেও।

তিনি বলেন, ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী দুজন সংগঠনকে প্রচুর সময় দিয়েছেন। হিসেব নিকেশে দেখা যাচ্ছে সিলেট মহানগর বিএনপির সভাপতি হচ্ছেন মিফতাহ সিদ্দিকী এবং সাধরণ সম্পাদক হচ্ছেন ফরহাদ চৌধুরী শামীম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত থাকবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে সকাল পৌনে ১০টায়, চলবে বেলা ১২টা পর্যন্ত। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশনে চলবে ভোটগ্রহণ।

শেয়ার করুন