৪ মার্চ ২০১৮
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : প্রকল্প কাজ শেষ হওয়ার আর মাত্র ২২দিন বাকি থাকলেও এখন পর্যন্ত জামালগঞ্জের পাকনার হাওরের অনেক ফসলরক্ষা বাঁধের কাজ এখনো শুরুই হয়নি। যেসব বাঁধের কাজ শুরু হয়েছে সেগুলোর মাটি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, প্রকল্প এলাকায় নেই কোনো সাইনবোর্ড। এ অবস্থায় গতকাল সোমবার প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের স্পেশাল মনিটরিং টিমের প্রতিনিধি দল। আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বাঁধের কাজের সময়সীমা।
জানা যায়, গেল বছরে কৃষকের বিশাল ক্ষতির হিসেব করে সরকার চলতি বছরে কড়া নজরদারিতে পাউবোর ফসলরক্ষা বাধঁ নির্মাণে পিআইসি গঠন করেছে। বাধঁ সংলগ্ন এলাকার কৃষককে সম্পৃক্ত করে প্রকল্পের সংখ্যা বৃদ্ধি ও অধিক অর্থ বরাদ্দ করেছে। কাজ বাস্তবায়নের জন্য ২৮ ফেব্রুয়ারির মধ্যে সময়সীমা বেধেঁ দেয়া হয়। কিন্তু এখনোও অধিকাংশ কাজ শুরুই হয়নি। উপজেলার ৬টি ইউনিয়নে ১০০টি প্রকল্প রয়েছে। এর মধ্যে উপজেলার সর্ববৃহৎ পাকনার হাওরে ৩টি ইউনিয়নে পড়েছে অধিকাংশ প্রকল্প ।
২৫ নং পিআইসি গজারিয়া ও কামধরপুর গ্রামের মধ্যবর্তী কয়েকটি ছোট ভাঙা ও একটি বড় ক্লোজার নির্মাণের কাজ কয়েকদিন ধরে শুরু হয়েছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাসহ আনুষাঙ্গিক পরিমাপের ২০ শতাংশ কাজ সম্পন্নের মোকাবেলা করলেও কোনো রকমভাবে মাটি ফেলা হয়েছে । ২৬ নং প্রকল্পেরও আংশিক কাজ একই অবস্থায় করা হয়েছে। ২৭ -৩২ পর্যন্ত প্রকল্প এলাকা সাইনবোর্ড ও জনশূন্য রয়েছে। সাইনবোর্ড দেয়া ৩৩ ও ৩৪ নং প্রকল্পের কাজ মাত্র শুরু হয়েছে। এ ব্যাপারে প্রকল্প চেয়ারম্যানরা বলেন, সবেমাত্র কাজের আদেশ পেয়েছি, সাইনবোর্ড নিয়ে কাল থেকে কাজ শুরু করব।
(আজকের সিলেট/৪ মার্চ/ডি/এসটি/ঘ.)